
কুমারখালী প্রতিনিধি
কুমারখালী পৌর যুব বিভাগের কার্যালয়ে কুমারখালী পৌর পেশাজীবী ইউনিটের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের জাতীয় সংসদ সদস্য ও পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মো. আফজাল হোসেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাদ মাগরিব অনুষ্ঠিত এ সভায় কুমারখালী পৌর এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
পেশাজীবী ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নিয়ে এলাকার বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভাটি পরিচালনা করেন পৌর পেশাজীবী ইউনিটের সভাপতি আক্তারুল হোসেন।
আলোচনায় মো. আফজাল হোসেন বলেন, পেশাজীবীদের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগিয়ে কুমারখালী-খোকসার মানুষের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন মাস্টার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও কুমারখালী উপজেলা জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা সামসুদ্দিন আহমাদ, কুমারখালী উপজেলা যুব বিভাগের সভাপতি ও কুমারখালী পৌরসভার মেয়র প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী রবিউল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি ডা. গোলাম মোস্তফা, সেক্রেটারি কামাল হোসেন এবং কয়া ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম।
সভায় পেশাজীবীদের উত্থাপিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন নেতৃবৃন্দ।










