
খোকসা উপজেলা সংবাদদাতা
কুষ্টিয়ার খোকসা উপজেলা সফরকালে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি মুক্তিযোদ্ধাদের খোঁজখবর নেন এবং তাদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শনিবার দুপুরে খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শনের মাধ্যমে তার এই কর্মসূচি শুরু হয়। পরে তিনি স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন উদ্যোগ নিয়ে কথা বলেন।
প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, জ্বালানি সংকটের এই সময়ে লংমার্চের নামে প্রায় এক লাখ লিটার তেল খরচ করা জাতীয় সম্পদের অপচয় এবং এটি জনগণের ভোগান্তি বাড়াবে।
তিনি আরও বলেন, সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে জনগণের সংস্কারের দাবি বাস্তবায়নে বদ্ধপরিকর এবং বিরোধী দলকেও এতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
মতবিনিময় ও কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত স্মরণসভায় যোগ দেন।










